ব্যবহার করা শেভিংব্লেড বিপজ্জনক

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২৩:০৮

পুরুষদের জন্য শেভিংব্লেড একটি প্রাত্যহিক প্রয়োজনীয় বস্তু। এই প্রয়োজনীয় বস্তুটিই নিরীহ প্রাণীদের প্রাণনাশের প্রধান কারণ। শেভ করার পর আমরা প্রত্যেকেই ব্লে­ডটি ডাস্টবিনে ফেলে দিই, পরে তা আবর্জনার স্তূপে জমা হয়। নিরীহ প্রাণী বিশেষ করে কুকুর এসব আবর্জনার স্তূপ থেকেই নিজেদের খাবার খুঁজে নেয়। আর খাবারের সঙ্গে গলাধঃকরণ করার চেষ্টা করে তলোয়ারের চেয়েও অধিক ধারালো ব্লে­ড। এসব ব্লেড কুকুরের গলায় বা মুখে আটকে যায়, যা কোনোভাবেই বের করা যায় না। ফলে চরম যন্ত্রণার মধ্য দিয়েই মৃত্যু ঘটে নিরীহ প্রাণীদের। এটি একটি অমানবিক গর্হিত কাজ। তাছাড়া যত্রতত্র শেভিংব্লে­ড নিক্ষেপ করার ফলে যে কারো পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যাতে ইনফেকশন হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তাই ব্যবহার করা শেভিংব্লে­ড যত্রতত্র না ফেলে এর পুনঃব্যবহার করা কিংবা যথাস্থানে ফেলা উচিত। এক্ষেত্রে ব্যবহার করা ব্লেড একটি নির্দিষ্ট বাক্সে ভরে মাটিচাপা দেওয়া যায়। এতে কিছুদিন পর মরিচা ধরে এসব ব্লে­ড মাটির সঙ্গে মিশে যাবে। ভূমি এবং ভূমির ওপর বিচরণ করা প্রাণীদেরও কোনো ক্ষতি হবে না।

মুন্সী মুহাম্মদ জুয়েল

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ­