ধ্বংসস্তূপের ছাই থেকে শুরু করেন বঙ্গবন্ধু :অর্থমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২৩:১০

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাঙালির জীবনে শোকাবহ, অভিশপ্ত, বেদনা আর শোকের দুর্বিষহ স্মৃতির মাস আগস্ট। বিশাল হূদয়ের যে মানুষটিকে কারাগারে বন্দি রেখেও পাকিস্তানি হানাদাররা স্পর্শ করার সাহস দেখাতে পারেনি, অথচ স্বাধীন বাংলার মাটিতে নির্মমভাবে সপরিবারে তাকে জীবন দিতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধুকে হারানোর সেই দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে গোটা জাতি। অর্থমন্ত্রী গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরো বলেন, ১৯৪৭ থেকে ৭১ এই দীর্ঘ পথপরিক্রমণে একেকটি আন্দোলনের সোপান উত্তরণে একেক গুচ্ছ তরুণ তাজা প্রাণ অবিস্মরণীয় অবদান রেখেছেন। কিন্তু এ সব কিছুরই পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রতীক ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্র অধিকার, সাধারণ মানুষের মৌলিক অধিকার, ভাষা আন্দোলন, ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের সাধারণ নির্বাচন এবং একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ায় ৪ হাজার ৬৮২ দিন কারাবাস করেন।

এদিকে গতকাল বিকালে বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পোড়ামাটি নীতি অবলম্বন করে পাকিস্তানিরা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফেলে দিয়েছিল। বৈদেশিক মুদ্রার কোনো মজুত বাংলাদেশ ব্যাংকে ছিল না। একটি বিধ্বস্ত অবস্থা থেকে বাংলাদেশকে দাঁড় করাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুসহ সব শহিদানের আদর্শ ও অভিপ্রায়কে সামনে রেখে, শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে, বর্তমান প্রজন্মের কিংবদন্তি ও আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সুখী ও সমৃদ্ধ ‘সোনার বাংলা’ গড়ার দৃঢ় শপথ নিতে হবে। বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ড. মো. আব্দুস সহিদ এমপি, প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু প্রমুখ। বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশনের সদস্য ও সম্পৃক্ত ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।