ফের তিন দিনের রিমান্ডে ডিবির ওসি সাইফুল

আপডেট : ২২ আগস্ট ২০২১, ২৩:১১

চট্টগ্রামের এক ব্যবসায়ীকে ফেনীতে আটক করে ২০টি স্বর্ণের বার ডাকাতি ও লুণ্ঠন করা মামলায় ডিবির বরখাস্তকৃত ওসি সাইফুল ইসলামকে ফের তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। রবিবার বিকালে শুনানি শেষে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খান এ আদেশ দেন।

এর আগে পুলিশের এই কর্মকর্তাকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করে তার আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. শাহ আলম।

এ ঘটনায় গত বুধবার (১৮ আগস্ট) পুলিশের গাড়িচালক মঈনুল হোসেন ও আমজাদ হোসেন তুহিন ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে জবানবন্দি দিয়েছেন। একই দিন রিমান্ড শেষে অপর পাঁচ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠায় আদালত।