আছিয়া খাতুন জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত। বয়স্ক ভাতার আবেদন করতে তিনি কম্পিউটারের দোকানে আসেন। জাতীয় পরিচয়পত্র নিয়ে সমাজসেবা অধিদপ্তরের অনলাইনে আবেদনের চেষ্টা করেন। কিন্তু বারবার চেষ্টা করেও দেখা যায় অনলাইনে আবেদন নিচ্ছে না। বিষয়টির ব্যাপারে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসে গিয়ে জানতে পারেন ভোটার তালিকায় তিনি মৃত। আছিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রে তার জন্ম তারিখ ৮ জুলাই ১৯৪৮। এনআইডি নং-৪৮১২৭৮১৩৯১০৯৯। স্বামী মৃত হাফিজ উদ্দিন, ঠিকানা: গ্রাম গড়মাছুয়া, (নামাপাড়া), ডাকঘর: মেছেরা-২৩২০, হোসেনপুর, কিশোরগঞ্জ। হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর মো. সোহাগ মিয়া বিষয়টি নিশ্চিত করেন। আছিয়া খাতুন আক্ষেপ করে জানান, আমার বয়স ৭৩ বছর হলেও নির্বাচন অফিসের ভুলের কারণে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। তার পুত্র আব্দুস সালাম বলেন, আমার মা বেঁচে থাকা সত্ত্বেও নির্বাচন অফিস কী করে মৃত দেখাল?
