সাভারে ফুটবল খেলা শেষে তুরাগ নদে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হয়েছে। পরে এক জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বালুরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ কিশোরদের একজনের নাম আলভী হোসেন, অন্যজন সাব্বির হোসেন রিয়াদ। এদের মধ্যে গতকাল রবিবার বিকালে ডুবুরিরা কাউন্দিয়া এলাকা থেকে আলভীর লাশ উদ্ধার করে। তারা দুই জনই মিরপুর শাহআলীতে পরিবারের সঙ্গে বসবাস করত। কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম বলেন, নিখোঁজ অপর কিশোরের সন্ধানে অভিযান চলছে।
আশুলিয়ায় ব্যবসায়ীর
ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভারের আশুলিয়া থেকে এক কাঁচামাল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ ব্যবসায়ীর নাম লেবু মিয়া (৪৫)। গতকাল রবিবার সকালে শ্রীপুর একতা কাঁচামালের আড়তের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লেবু মিয়া সিরাজগঞ্জের কাজীপুর থানার শুভগাছা গ্রামের মৃত নূর নবীর ছেলে। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার হারুনের ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন। এদিকে যে কক্ষে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে ঐ কক্ষের দায়িত্বে থাকা হেলাল নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। তার মোবাইল ফোনে একাধিকবার কল করলে পরে ফোনটি বন্ধ পাওয়া যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম হোসেন জানান, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
