ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার রাস্তাঘাট থেকে চিপসের পরিত্যক্ত প্যাকেট, পানির বোতল, ডাবের খোসা কুড়িয়ে প্রায় ২ লাখ টাকা পুরস্কার পেল বিডি ক্লিন। গতকাল নগর ভবনে বর্জ্যের বিনিময়ে এই আর্থিক পুরস্কার তুলে দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন স্থান থেকে বর্জ্যগুলো সংগ্রহ করায় বিডি ক্লিন সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। আতিকুল ইসলাম বলেন, ‘ওয়ার্ড কাউন্সিলরের অফিসে জমা দেওয়া প্রতিটি অব্যবহূত কমোড ও টায়ারের জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রঙের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরস্কার দেওয়া হবে। নগরের যে কেউ এই কর্মসূচিতে অংশ নিতে পারেন।’
