মাদক মামলায় জামিন চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। গতকাল রবিবার তার পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আগামী ১৩ সেপ্টেম্বর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।
পরীমনির আইনজীবী মজিবুর রহমান জানান, আমরা সিএমএম আদালতে জামিন আবেদন করি। সেখান থেকে জামিন পাননি পরীমনি। এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেছি। তিনি বলেন, অনেক দিন ধরে পরীমনি কারাগারে আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। তার পেশাগত কাজ আটকে আছে, শুটিং বন্ধ রয়েছে। ১০টি সিনেমার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। সেসব সিনেমার সহশিল্পী কলাকুশলীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আশা করছি, সবকিছু বিবেচনায় রেখে আদালত তার জামিন মঞ্জুর করবেন।
গত ৪ আগস্ট বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ঐ বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গত ১৯ আগস্ট তৃতীয় দফায় এক দিনের রিমান্ড হয়। রিমান্ড শেষে তাকে ২১ আগস্ট কারাগারে পাঠানো হয়।
