দুর্নীতি প্রতিরোধে দেশব্যাপী অভিযুক্ত ভূমি অফিসে ঝটিকা পরিদর্শন আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেছেন, জাতীয় স্বার্থে দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। গতকাল রবিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত ভূমিসেবা গড়তে আমরা আরো কঠোর হবো। মন্ত্রণালয় পর্যায়ে এত কার্যক্রম গ্রহণ করার পরও ভূমিসেবা গ্রহীতাদের থেকে প্রায়ই অভিযোগ আসছে, যা সত্যিই দুঃখজনক। দক্ষ, স্বচ্ছ, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিসেবা নিশ্চিত করতে না পারলে সার্বিকভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রয়োজনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত ‘কাউন্সেলিং’ ও ‘রিফ্রেসার্স ট্রেনিং’ করানো হবে।
ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের প্রতিনিধি থাকার ওপর জোর দেন ভূমিমন্ত্রী। এছাড়া মাঠ পর্যায়ের জরিপ অফিসগুলো পরিদর্শনে জেলা প্রশাসক (কালেক্টর) ও বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধপত্র পাঠানো হবে বলে জানান সাইফুজ্জামান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান। সভায় নতুন হাটবাজার সৃষ্টিতে প্রয়োজনে ভূমি অধিগ্রহণ, ভূমি লিজ দেওয়াতে নারীদের অগ্রাধিকার প্রদান, বড় ধরনের দুর্নীতিগুলো কেসস্টাডি হিসেবে প্রশিক্ষণে পাঠদান, দীর্ঘমেয়াদি বন্দোবস্তকৃত ভূমির হস্তান্তর ফি কমানোসহ বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন বিভাগীয় কমিশনারবৃন্দ।
উল্লেখ্য, যে কোনো ভূমিসেবা গ্রহীতা কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভূমিসেবা হটলাইন ১৬১২২ নম্বরে কল করে কিংবা [email protected] ঠিকানায় ইমেইল করে তাদের মতামত, প্রতিক্রিয়া, অভিযোগ কিংবা পরামর্শ জানাতে পারেন।
