যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গতকাল রবিবার এশিয়া সফর শুরু করেছেন। তালেবানের ক্ষমতা গ্রহণ এবং আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিশৃংঙ্খলাপূর্ণ প্রত্যাহারের পর তিনি এই সফরে এ অঞ্চলে ওয়াশিংটনের অঙ্গীকারের কথা পুনরায় তুলে ধরবেন। এক সপ্তাহ আগে কট্টরপন্থী তালেবান যোদ্ধারা দ্রুততার সঙ্গে আফগান সেনাদের বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় ফিরে আসে। তখন হাজার হাজার লোকের পালিয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টায় অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। বিশ্বের সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ম্লান হয়ে যাওয়ার মধ্যে তিনি এই সফরে যাচ্ছেন।
এই সফরে তিনি সিঙ্গাপুর এবং ভিয়েতনামে যাবেন এবং শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট তার এই সফরে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার বাস্তবায়নে করণীয় বিষয়ে সুস্পষ্টভাবে অবহিত হবেন।’ কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর নিয়ে সমালোচনা হচ্ছে। কেউ কেউ অভিযোগ করছেন, কাবুল বিমান বন্দর থেকে যখন মার্কিনী, অন্যান্য বিদেশী এবং তাদের আফগান মিত্রদের সরিয়ে নিতে মার্কিন বাহিনীর নাকাল অবস্থা তখন কমিউনিস্ট দেশটিতে সফরের মাধ্যমে সমালোচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
