বিনোদন ডেস্ক
বলিউড তারকারা অনেকেই সম্পর্কের বিতর্কে জড়িয়ে আছেন। একই ইন্ডাস্ট্রিতে তাদের বিচরণ হলেও অনেকেই এড়িয়ে চলেন অপছন্দের সহকর্মীকে। সম্প্রতি এমনই এক বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হলেন কঙ্গনা রানাওয়াত ও আলিয়া ভাট।
সম্প্রতি সদ্য মুক্তি পাওয়া ‘মণিকর্ণিকা:দ্য কুইন অব ঝাঁসি’ ছবির প্রচারণার জন্য সাংবাদিকদের মুখোমুখি হন কঙ্গনা। এ সময়ে বলিউড ইন্ডাস্ট্রি থেকে তার ছবিকে সমর্থন দেওয়ার অভাব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে নিজের সফলতা আমি কঠোর পরিশ্রম করে অর্জন করেছি। রাষ্ট্রীয় পুরস্কারও আছে আমার ঝুলিতে তিন-চারটা। কিন্তু অনেকেই আমার এই অর্জনে মুখ ফিরিয়ে নেন। এখানে স্বজনপ্রীতিটা অনেক বেশি। তারকাদের সন্তানদেরই বিশেষ প্রাধান্য দেওয়া হয়। তাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে পুরো বলিউড।’ এখানে তিনি আমির খান ও আলিয়া ভাটের কথা উল্লেখ করেন।
এই মন্তব্য প্রসঙ্গে আলিয়াও উত্তর দেন। আলিয়া বলেন, ‘কঙ্গনা আমাকে পছন্দ করে না সেটা আমি জানি। সেজন্যই হয়তো তিনি এই মন্তব্য করেছেন। তার সিনেমার প্রচারণায় যাওয়া আমার সম্ভব হয়নি। তবে ইচ্ছে করে আমি কঙ্গনাকে কষ্ট দিইনি।’
