বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসাসফল সিনেমা ‘ভুলভুলাইয়া’র সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া টু’। সিনেমাটিতে কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এর আগে সিনেমাটির শুটিং শুরু হলেও কার্তিক করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করতে হয় সিনেমাটির কাজ। এরপর থেকে সিনেমাটি ঘিরে শঙ্কার পাশাপাশি তাদের ভক্তদের অপেক্ষা বাড়তে থাকে। তবে এবার সেই প্রতীক্ষার পালা শেষ হলো। সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছেন কিয়ারা-কার্তিক। সম্প্রতি মুম্বাইয়ে আবারো সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এ নিয়ে কিয়ারা বলেন, ‘সঠিক সময়ে শুটিং শেষ করতে পারলে এতদিন সিনেমাটি মুক্তি পেত। কিন্তু করোনার কারণে সব হিসেবে উল্টে গেছে। তবে আবারো শুটিং শুরু করতে পেরে অনেক ভালো লাগছে। সকলের শঙ্কা এবার দূর হলো। তবে শুটিং বন্ধ থাকায় চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অনেক সময় পেয়েছি। চেষ্টা করব আগের সিনেমাটির চেয়ে ভালো করার। অপেক্ষা করুন, দারুণ একটি কাজ উপহার দিতে যাচ্ছি।’ উল্লেখ্য, এই সিরিজের প্রথম সিনেমায় অক্ষয় কুমার ও বিদ্যা বালানকে প্রধান দুটি চরিত্রে দেখা গিয়েছিল।
