বিবিসি ও রয়টার্স
নিউজিল্যান্ডে করোনা ভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্টের চলতি প্রাদুর্ভাব এখনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি মন্তব্য করে দেশ জুড়ে কঠোর লকডাউনের মেয়াদ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান। দেশ জুড়ে বিদ্যমান চার মাত্রার লকডাউন ২৭ অগাস্ট মধ্যরাত পর্যন্ত তিন দিন বাড়ানো হয়েছে এবং প্রাদুর্ভাবের কেন্দ্র অকল্যান্ডে বিধিনিষেধ অন্তত ৩১ অগাস্ট পর্যন্ত বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে অর্ডান বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের সবার জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হচ্ছে এই বিধিনিষেধ বেশি দিন ধরে রাখা। কোভিড-১৯ এই ধরনের বিষয়ে বিশ্ব আমাদের সতর্ক হতে শিখিয়েছে।’ তিনি জানান, সারা দেশ থেকেই ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্তদের সংস্পর্শে আসা লোকজন পাওয়া যাচ্ছে। প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত ৩২০টিরও বেশি এলাকা চিহ্নিত ও আক্রান্তদের সংস্পর্শে আসা ১৩ হাজারেরও বেশি লোকের নাম নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই সংখ্যা পূর্ববর্তী প্রাদুর্ভাব থেকে অনেক বেশি। অর্ডান বলেছেন, পরিস্থিতি পুরোপুরি পালটে দিয়েছে ডেলটা। গতকাল সোমবার সকালে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো ৩৫ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। এতে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০৭-এ দাঁড়িয়েছে।
