পটকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রকার ঘোষণা ছাড়াই গত দুই দিন ধরে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে করোনা পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। অনেকে পরীক্ষা করতে এসে পরীক্ষাগারে তালাবদ্ধ থাকায় হাসপাতালে ঘোরাঘুরি করছেন। এতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কদমবাড়ি ইউনিয়নের গৃহবধূ মালতি রানী জানান, আমি অনেক দিন যাবত্ জ্বর, ঠান্ডা , মাথাব্যথা, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। রবিবারও আমি এসেছিলাম, সোমবারও সেই সকাল ৯টায় হাসপাতালে আসছি। যে ঘরে করোনা পরীক্ষা করে সেখানে তালা দেওয়া। মালতি রানীর মতো ছালাম, জুলেখা, আলোয়াসহ প্রায় ২০-২৫ জন করোনা পরীক্ষা করতে এসে ফিরে যান। করোনা পরীক্ষার দায়িত্বরত রাজৈর হাসপাতালের এমটি-ইপিআই দবির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, তিনি গত দুই দিন ধরে অসুস্থ। বিষয়টি তিনি লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, বিকল্প লোকবল না থাকায় করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
