আদাখেতে পোকার আক্রমণ

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২০:৫৯

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আদাখেতে মড়ক দেখা দিয়েছে। বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কোনো ফল পাচ্ছেন না কৃষক। তবে উপজেলা কৃষি অফিস বলছে, আবহাওয়া অনুকূলে না থাকার কারণে কিছু কিছু আদাগাছ হলুদ হয়ে পচে যাচ্ছে। বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মিজানুর রহমান বলেন, আমি এবার তিন বিঘা জমিতে আদা লাগিয়েছি। তিন বিঘা জমিতে আমার খরচ প্রায় দেড় লাখ টাকা। বর্তমানে আমার আদাক্ষেতের গাছগুলো হলুদ হয়ে পচে যাচ্ছে কীটনাশক স্প্রে করেও কোনো কাজ হচ্ছে না। উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, রাইজান ফ্লাই নামক পোকার আক্রমণে খেতের আদাগাছ হলুদ হয়ে যায়। যে গাছগুলো হলুদ হয় শুরুতে সেগুলো উত্তোলন করে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হয়। হলুদ গাছগুলো উপড়ে না ফেলে স্প্রে করলে রোগ বাড়তি হয়। তাই যে গাছগুলো হলুদ হয় সেগুলো উপড়ে স্প্রে করা ভালো।