ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার তেমুহনী বাজার এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় নবরত্ন ও ৪২৯ বোতল ইমামি তেলসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আটককৃত মো. আব্দুল মতিন পাঁচগাছিয়ার দক্ষিন কাশিমপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
সুত্র জানায়, আব্দুল মতিন ভারত থেকে অবৈধভাবে বিদেশি প্রসাধনী এনে সিএনজি অটোরিকশায় করে ফেনীর তেমুহনী বাজার মেইন রোড সংলগ্ন পাকা রাস্তার ওপর বিক্রির জন্য অবস্থান করছিল। গোপন সংবাদে র্যাব অভিযান চালালে তিনি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে আব্দুল মতিনকে আটক করে। তার হেফাজতে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তা থেকে নবরত্ন তেল ১৮৬ বোতল, ইমামি তেল ৪২৯ বোতল উদ্ধার করা হয়। ফেনীস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানায়, সে ভারত থেকে অবৈধ উপায়ে এসব প্রসাধনী সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করে আসছে।
