ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে নুর আমিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার পূর্বধনিরাম এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত নুর আমিন ডিস লাইনের শ্রমিকের কাজ করতেন। তিনি ঐ এলাকার আদম আলীর ছেলে। নূর আমিনের মা ঘরের ধর্নার সঙ্গে ছেলের ঝুলন্ত লাশ দেখে চিত্কার দেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম জানান, এ ব্যাপারে ইউডি মামলা দায়ের হয়েছে।
বান্দরবানে আফিমসহ আটক ১
বান্দরবান প্রতিনিধি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে চার কেজি ৩০০ গ্রাম ওজনের আফিমসহ প্রুথোয়াই মারমা নামের এক জনকে আটক করেছে র্যাব-৭। রবিবার সন্ধ্যায় উপজেলার আলেক্ষং ইউনিয়নের কচ্ছপতলী পাড়া থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রুথোয়াই মার্মার স্বীকারোক্তিমতে তার মাচাং ঘরের পেছনে কাঠের নিচে বিশেষভাবে রক্ষিত প্লাস্টিকের ব্যাগ থেকে আফিম উদ্ধার করা হয়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদ কবির বলেন, আফিমসহ আটক মাদক ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মহেশপুরে রুপার অলংকারসহ আটক ২
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর-জীবননগর সড়কে রবিবার রাতে পরিবহনে তল্লাশি করে প্রায় সাত কেজি রুপার অলংকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির টহল দল অভিযান চালিয়ে যশোরগামী পরিবহনে তল্লাশি করে ৬ কেজি ৬৫৮ গ্রাম রুপার অলংকারসহ দুই জনকে আটক করে। আটককৃতরা হলেন মহেশপুর থানার তৈলটুপি গ্রামের আব্বাস আলী ও পার্শ্ববর্তী জীবননগর থানার মেদিনীপুর গ্রামের মো. আনন্দ। এ ব্যাপারে মামলা হয়েছে। সোমবার সকালে আসামিদের জেল হাজতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীরা পেল খাদ্যসামগ্রী
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার দক্ষিণ রামনগর প্রতিবন্ধী স্কুলের ১৮৮ জন শিক্ষার্থীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে দর্শনা রামনগর প্রতিবন্ধী স্কুল চত্বরে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাইফুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি ছিলেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র মো. রবিউল ইসলাম সুমন।
বিদ্যালয়ের মাঠে চারা রোপণ
কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করা হয়। সোমবার দুপুরে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার আলী, প্রধান শিক্ষক মো. শাহানেওয়াজ বাবু, রামচন্দ্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক।
শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশে দুই দিনব্যাপী সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এবং ইউআইডি নাম্বার প্রদানবিষয়ক এক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্বে প্রথম ব্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী।
