অস্কার ব্রুজনের নির্দেশ যুদ্ধে জিততে হবে

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:০২

স্পোর্টস রিপোর্টার

মোহনবাগানের আক্রমণভাগ কতটা শক্তিশালী তা খুঁজে খুঁজে বের করছেন বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। গোলপোস্টে আনিসুর রহমান জিকো আছে। তাকে নিয়ে দুশ্চিন্তা কম। ভাবনা আছে রক্ষণে। অধিনায়ক তপু বর্মন, বিশ্বানাথ ঘোষ, ইরানি ফুটবলার খালেদ শাফি, তারিক কাজীদের বোঝাটা কমাতে মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, সুফিলরা এগিয়ে এলেও মোহনবাগানের বিপক্ষে কাজটা সহজ হবে না। বেঙ্গালুরু এফসির বিপক্ষে দেখা গেছে আক্রমণ ভাগের ব্রাজিলিয়ান ফুটবলার আর্জেন্টাইন ফুটবলার রক্ষণে নেমে এসেছিলেন। সেদিন তারা যদি নেমে না আসতেন তাহলে ম্যাচের স্কোর বোর্ডে প্রতিপক্ষের গোলের নাম দেখা যেত। বেঙ্গালুরু এফসির জালে গোল করার চেষ্টা বাদ দিয়ে সবাই মাঝমাঠ, আর রক্ষণ ঠেকাতে ব্যস্ত ছিলেন। এবার যদি একই চিত্র দেখা যায় তাহলে বসুন্ধরাকে মন্দ কপাল নিয়ে ঢাকায় ফিরতে হবে।

আক্রমণ ভাগে রাউল বেসেরা, রবসন, জনাথনদের পারফরম্যান্স নিয়ে ভাবতে হবে না ব্রুজনকে। এই তিন ফুটবলার জীবন দিয়ে ফেলবে। তেড়েফুড়ে বেরিয়ে গোলের চেষ্টা নিয়ে এক বিন্দু পিছপা হবে না, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে—রক্ষণ এবং মাঝমাঠের হালটা ধরে রাখতে পারবে কি না। মোহনবাগানকে গোল না করলেও চলবে। কিন্তু যে কোনো ভাবেই হোক, মোহনবাগানের জালে বল ফেলতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়ে মাঠে লড়াইটা কঠিন হবে। কারণ মোহনবাগানের প্রায় সব পজিশনেই শক্তিশালী খেলোয়াড় রয়েছে। তারা জানিয়েছে ড্র নয়, জেতার জন্যই মাঠে নামবে। মোহনবাগান ম্যাচটা দুই ভাগে ভাগ করছে। তারা প্রথমার্ধে একভাবে খেলবে, আর দ্বিতীয়ার্ধে আরেক ভাবে খেলবে। পরিকল্পনটা নির্ভর করছে গোল পাওয়ার ওপর। 

গতকাল বিকালে মালদ্বীপের মালেতে শেষ অনুশীলন করল বসুন্ধরা। রক্ষণ নিয়ে কাজ করেছেন কোচ। তার ছেলেদের জানিয়ে দিয়েছেন মোহনবাগানের বিপক্ষে ফুটবল যুদ্ধে জিততে হবে। ব্রুজন তারা কোচিং ক্যারিয়ারের সেটি দিয়ে লড়াই করবেন। এটা তার ক্যারিয়ারের জন্য চ্যালেঞ্জ।