স্পোর্টস ডেস্ক
আগের দিন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা হোঁচট খাওয়ায় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু সুযোগ আর কাজে লাগাতে পারল কই! পরশু রাতে পুঁচকে লেভান্তের বিপক্ষে কোনোমতে হার বাঁচিয়ে ৩-৩ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল। একইভাবে হতাশা উপহার দিয়ে সিরি আয় নতুন মৌসুম শুরু করল জুভেন্তাস। দুই গোলে এগিয়ে থেকেও উদিনেসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তুরিনের বুড়িরা।
লেভান্তের মাঠে রিয়ালের শুরুটা ছিল দুর্দান্ত। ৫ মিনিটে করিম বেনজেমার পাস থেকে গ্যারেথ বেলের গোলে প্রথমার্ধে দাপট দেখায় তারা। কিন্তু দ্বিতীয় হাফে যেন দেখা মিলল অন্য এক রিয়ালের। তিন গোল খেয়ে শেষমেশ ভিনিসিয়াস জুনিয়রের কল্যাণে সমতা আনে তারা। ম্যাচে একাই দুটি গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচ শেষে পয়েন্ট হারানোর আক্ষেপ নিয়ে আনচেলত্তি বলেন, ‘সবকিছু আমাদের নিয়ন্ত্রণে ছিল তবে দ্বিতীয়ার্ধে খুবই ঢিলেঢালা ছিলাম আমরা। রিয়াল মাদ্রিদ থেকে এমনটা কেউ আশা করে না। দুই পয়েন্ট ছুড়ে দিয়ে এসেছি।’
আনচেলত্তির সাবেক শিষ্য ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য জুভেন্তাসের জন্য পূর্ণ পয়েন্টেরই ব্যবস্থা করে ফেলেছিলেন। কিন্তু ভিএআরে গোল বাতিল হলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মাসিমিলানো অ্যালেগ্রির দলকে। আর জার্সি খুলে উদ্যাপনের জন্য হলুদ কার্ড দেখেন রোনালদো।
উদিনেসের বিপক্ষে পর্তুগিজ ফরোয়ার্ডকে প্রথম একাদশেই রাখেননি জুভেন্তাস কোচ। তবুও ২৩ মিনিটের ভেতর পাওলো দিবালা ও হুয়ান কুয়াদ্রাদোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করে। ভরপুর নাটকীয়তার এই ম্যাচে অতিরিক্ত সময়ে রোনালদোর গোল বাড়তি উত্তাপ দিলেও, অফসাইডে থাকায় শেষে হাস্যরসে পরিণত হন এই পর্তুগীজ ফরোয়ার্ড।
নাটকীয়তা ছিল বুন্দেসলিগাতেও। দ্বিতীয়ার্ধে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর তিন মিনিটের ব্যবধানে সমতা ফেরায় কোলন। কিন্তু ৭১ মিনিটে সার্জ গ্যানাব্রির গোলের পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। অন্যদিকে রিয়াল-বার্সার হোঁচট খেলেও টানা দ্বিতীয় ম্যাচ জিতে লা লিগার শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। এলচেকে ১-০ গোলে হারায় তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে চেলসি। রোমেলু লুকাকু ও রিস জেমসের গোলে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় তারা।
একনজরে ইউরোপিয়ান ফুটবল
রিয়াল ৩-৩ লেভান্তে
জুভেন্তাস ২-২ উদিনেস
অ্যাটলেটিকো ১-০ এলচে
বায়ার্ন ৩-২ কোলন
চেলসি ২-০ আর্সেনাল
