আজ রাতে ফিরছেন সাকিব

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:০৩

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। জানা গেছে, আজ মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছাবেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। ঢাকায় ফিরে দলের সঙ্গে হোটেলে যোগ দেবেন তিনি। বাংলাদেশ দল অবশ্য আজ সকালেই হোটেলে উঠে যাবে। হোটেলে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষেই অনুশীলনের সুযোগ পাবেন সাকিব।

জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজ খেলে ছুটিতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে গিয়েছিলেন সাকিব। পরিবারের সান্নিধ্যে দুই সপ্তাহ কাটিয়ে হোম সিরিজ খেলতে আবারও ফিরে আসছেন তিনি। এ সিরিজের পর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আরব আমিরাতে যাওয়ার কথা বাঁহাতি এ অলরাউন্ডারের।

জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে ভাস্বর ছিলেন সাকিব। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও নিশ্চয়ই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন তিনি।