স্পোর্টস রিপোর্টার
নিউজিল্যান্ডের তিন পর্যবেক্ষক ও দুই ক্রিকেটার কয়েক দিন আগেই ঢাকায় চলে এসেছেন। ঢাকায় এসে রুম কোয়ারেন্টাইনে ছিলেন তারা। আজ দুপুরে নিউজিল্যান্ড ক্রিকেট দলটাও বাংলাদেশে এসে পৌঁছাবে। দুপুর ১২টা ৫ মিনিটে কিউইরা ঢাকায় নামবে। বিমানবন্দর থেকে সরাসরি গিয়ে টিম হোটেলে উঠবে সফরকারী দল।
নিউজিল্যান্ড দলের আগেই টিম হোটেলে উঠে যাবে বাংলাদেশ জাতীয় দল। সকাল ১০টায় বাংলাদেশের ক্রিকেটারদের হোটেলে চেক ইন করার কথা রয়েছে। জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের মাধ্যমেই বাধ্যতামূলক তিন দিন কোয়ারেন্টাইনের অন্তর্ভুক্ত হয়ে যাবে দুই দল। ২৬ আগস্ট শেষ হবে কোয়ারেন্টাইন। এ সময় দুইবার করোনা পরীক্ষা হবে ক্রিকেটার ও সিরিজ সংশ্লিষ্ট সবার।
কোয়ারেন্টাইন শেষেই পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন সিরিজ কেন্দ্রিক সুরক্ষা বলয় ও সার্বিক ব্যবস্থাপনার বিস্তারিত।
বাংলাদেশ দল আজ সুরক্ষা বলয়ে প্রবেশ করবে জানিয়ে মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের গতকাল তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা, ম্যাচ অফিশিয়ালরা ২২ এবং ২৩ তারিখ রুম কোয়ারেন্টাইন শেষ করে ২৪ তারিখ থেকে বায়ো বাবলে প্রবেশ করবেন।’
আগেই চলে আসা নিউজিল্যান্ডের পর্যবেক্ষক ও ক্রিকেটাররা রুম কোয়ারেন্টাইনে রয়েছেন। সিরিজ সংশ্লিষ্ট সবাই আজ থেকে হোটেলে অবস্থান করবেন। হোটেলের নির্ধারিত অংশও গতকালই প্রস্তুত করা হয়েছে। দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘২৪ তারিখ নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে। বাংলাদেশ দল ও নিউজিল্যান্ড দল সেই সঙ্গে খেলা পরিচালনার জন্য যারা আছেন তারা ২৪, ২৫ ও ২৬ তারিখে তিন দিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে।’
এর মধ্যে দুই বার করোনা পরীক্ষা হবে সবার। বিসিবির প্রধান চিকিত্সক বলেছেন, ‘এই তিন দিন দুই দফা পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিত্তিতে ২৭ তারিখ থেকে তারা বায়ো বাবলের বাইরে আসতে পারবেন। অনুশীলন ও অন্যান্য কার্যক্রম শুরু করতে পারবেন।’
