ফাওয়াদের রেকর্ড সেঞ্চুরি

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:০৩

স্পোর্টস ডেস্ক

পেশিতে টান পড়ায় ৭৫ রানেই গিয়েছিলেন স্বেচ্ছা অবসরে। বৃষ্টির কারণে বিশ্রামের জন্য পেলেন পুরো একটা দিন। তাতেই সেঞ্চুরি পাওয়ার মতো ক্যালিবার জমা করে নিয়েছিলেন ফাওয়াদ আলম। মাঠে সেটাই করলেন। বাঁহাতি এই ব্যাটসম্যানের  রেকর্ড সেঞ্চুরিতে (১২৪* রান) জ্যামাইকায় দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০২ রান তুলে  পাকিস্তান। জবাব দিতে নেমে শাহিন শাহ আফ্রিদির পেস তোপে ৩ উইকেটে ৩৯ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।  এর আগে ৪ উইকেটে ২১২ রান নিয়ে দিন শুরু করে পাকিস্তান। বৃষ্টির লুকোচুরির ফাঁকে দ্রুতই উইকেট হারাতে থাকে তারা। কিন্তু এক প্রান্ত আগলে রাখেন ফাওয়াদ। কাইল মেয়ার্সের বলে ফ্লিক করে ২২তম টেস্ট ইনিংসেই দেখা পান পঞ্চম সেঞ্চুরি। তার আগে এতো কম ইনিংসে পাঁচ সেঞ্চুরির দেখা পাননি আর কোনো এশীয় ব্যাটসম্যান।