জনদুর্ভোগ নিরসনে যা প্রয়োজন

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:১৫

কুমিল্লা মহানগরীর ঘনবসতিপূর্ণ এলাকা পূর্ব বাগিচাগাঁও। এখানকার বড় মসজিদ সংলগ্ন সড়কে প্রতিদিন অসংখ্য মানুষ পায়ে হেঁটে বা যানবাহনে যাতায়াত করছে। উত্তর-দক্ষিনমুখী সড়কটির পুরো পশ্চিম পাশজুড়ে রয়েছে পানি নিষ্কাশনের ড্রেন। ড্রেনগুলোতে স্লাব থাকায় এর ওপর দিয়েই পথচারীরা চলাচল করছেন। এককথায় সেটা এখন অলিখিত ফুটপাত। পাশাপাশি সড়ক ও ড্রেনের লেবেল বা উচ্চতা সমান হওয়ায় সড়কে বড় গাড়ি বা অনেক সময় সড়কটিতে যানবাহনের চাপ বেড়ে গেলে প্রায়ই রিকশা, ইজিবাইক বা মোটরসাইকেল নিয়ে অনেকে ড্রেনের ওপর দিয়ে পার হওয়ার চেষ্টা করেন। বিগত কয়েক মাস ধরে ড্রেনটির বেশ কিছু স্থানের স্লাব ড্রেনের ভিতর পড়ে রয়েছে। কোথাও বা নির্মাণের স্বল্প সময়ে ভেঙে গেছে। এতে প্রতিদিনই একদিকে পথচারীরা হাঁটাচলায় ড্রেনে পড়ে আঘাত পাচ্ছেন, অন্যদিকে পানি নিষ্কাশনে এই ড্রেন কোনো কাজে আসছে না। আবার কখনো দূর থেকে বোঝার উপায় না থাকায় ছোটখাটো যানবাহন ড্রেনের ফাঁকা অংশে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে। প্রশ্ন হচ্ছে, স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধির পাশাপাশি সচেতন মানুষদের কি এর দায় থেকে মুক্তির সুযোগ আছে? স্লাবগুলো তো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় সচেতন এলাকাবাসী জনপ্রতিনিধির অপেক্ষা না করে নিজেরাই তুলে নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে পারেন। এতে সবার দুর্ভোগ যেমন লাঘব হবে, তেমনি জলাবদ্ধতা থেকেও মুক্তি পাবে এই এলাকার লোকজন।

মামশাদ কবীর

সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা