রামগতি ও কমলনগর নদীতীর রক্ষা বাঁধ প্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার আহ্বান

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:৩৩

রামগতি ও কমলনগর ভাঙনরোধে বেড়িবাঁধ নির্মাণ কাজের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ দানের  আহ্বান জানিয়েছে রামগতি ও কমলনগর নদীতীর রক্ষা বাঁধ ঐক্য পরিষদ। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে মাননবন্ধনে এ আহ্বান জানানো হয়। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি ছিলেন আবদুজ্জাহের সাজু, অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, বাংলাদেশ কাভার্ডভ্যান ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক পিংকু বলেন, রামগতি ও কমলনগরের নদীভাঙনে হাজার হাজার ঘরবাড়ি, অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা. মসজিদসহ অনেক হাটবাজার ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত বেড়িবাঁধের কাজের জন্য ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রকল্পটি সুষ্ঠু ও দীর্ঘস্থায়িত্বের বিষয়টি নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে করানোর জন্য জোর দাবি জানাচ্ছি। —প্রেস বিজ্ঞপ্তি