মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম আর নেই

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ২১:৪৯

প্রধানমন্ত্রীর শোক

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম খান পল আর নেই। গতকাল সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বেশ কিছু দিন ধরে জন্ডিস, লিভারসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সাইদুল ইসলাম। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থা খারাপ হওয়ায় স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। রবিবার অনেকটা সুস্থ ছিলেন। হঠাত্ হার্ট অ্যাটাক হওয়ার পর না ফেরার দেশে চলে যান তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি মরহুম সাইদুল ইসলাম খান পলের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারপরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপরদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সাইদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সাইদুল ইসলাম খান পলের প্রথম জানাজা গতকাল বেলা ১১টায় এলিফ্যান্ট রোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদ এবং দ্বিতীয় জানাজা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। তার মরদেহ সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে দাফনের কথা রয়েছে।