ইত্তেফাক রিপোর্ট
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটডের উপব্যবস্থাপক, পরিচালক, কর্মচারীসহ আরো ২০ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক থেকে তাদের কাছে তলবি নোটিশ পাঠানো হয়েছে। ঐ নোটিশে তাদের ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। এর আগে একই অভিযোগে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওহাব ও মো. মইনুল ইসলামসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
যে ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তারা হলেন, তিতাসের সিনিয়র সুপারভাইজার হারুন-অর-রশিদ, সিনিয়র বিক্রয় সহকারী ফয়েজ আহমেদ লিটন, সিবিএর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সিবিএ নেতা জাকির হোসেন ও সহকারী কর্মকর্তা দেলোয়ার মোর্শেদ, তিতাসের উপব্যবস্থাপক আনিসুজ্জামান ও মো. আব্দুল মান্নান, তিতাসের সংস্থাপন বিভাগের ব্যবস্থাপক হাসিবুর রহমান, কোম্পানি সচিব মাহমুদুর রব, ইসিসি বিভাগের ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, মহরম আলী, সাবেক পরিচালক খান মঈনুল মোস্তাক, পেট্রোবাংলার পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী, কম্পিউটার অপারেটর মো. মিজানুর রহমান, মো. জাকির হোসেন, মো. আবু সাঈদ, মো. মফিজ ও মো. মানিক মিয়া।
দুদক সূত্র জানায়, আর্থিক অনিয়ম, নিয়োগ বাণিজ্য ও ঘুষ গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। এই টিম ইতিমধ্যে তিতাসের মহাব্যবস্থাপকসহ আরো ১০ জনকে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে। বর্তমানে তাদের বক্তব্য ও সরবরাহ করা রেকর্ডপত্র যাচাইয়ের কাজ করছে দুদক টিম।
