অস্ত্র মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিচার শুরু হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ৮ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য রাখা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
গত বছরের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা ৮ ঘণ্টা অভিযান চালিয়ে ঐ বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এরপর অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিন মামলায় ২৭ দিনের রিমান্ড শেষে গোল্ডেন মনিরকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি কারাগারেই আছেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক আব্দুল মালেক গত ২০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে অস্ত্র ও মাদক মামলায় চার্জশিট দাখিল করেন। গত ৮ মার্চ একই আদালত আসামির বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার অব্যাহতির (ডিসচার্জ) আবেদন জানান। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
