শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা বুঝতে চাইলে আওয়ামী লীগের জন্মকালীন ইশতেহার ও ’৭০ সালের নির্বাচনি ইশতেহার পড়তে হবে। স্বাধীন দেশে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক ও জাতীয়করণ এবং কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও প্রকাশনা বাড়াতে হবে, সঠিক ইতিহাস জানতে হবে। গতকাল সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন প্রমুখ।
