মডার্নার টিকাসহ গ্রেফতার ক্লিনিক মালিক রিমাণ্ডে

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০০:২৭

রাজধানীর দক্ষিণখান থেকে মডার্নার ২৯ ডোজ টিকা ও ২ হাজার ডোজের খালি অ্যাম্পুল উদ্ধারের ঘটনায় করা মামলায় একটি ক্লিনিকের মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার রিমান্ডের এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল আজিজ আসামিকে শনিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পরে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন বিচারক। এর আগে পুলিশ গত ১৮ আগস্ট রাত ৮টার দিকে বিজয় কৃষ্ণকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, ?দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের ক্লিনিক থেকে চড়া দামে বিক্রি করা হতো এসব টিকা। গোপন সংবাদের ভিত্তিতে রাতে ক্লিনিকে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় মালিককে। পরে এ ঘটনায় মামলায় হয়।