আগুনের ধোঁয়ায় দুই কিশোরী গৃহকর্মীর স্বপ্নের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০০:২৮

রাজধানীর বনানীতে একটি আটতলা ডুপ্লেক্স ভবনের চারতলায় অগ্নিকাণ্ডে ধোঁয়ায় চতুর্থ তলার দুই গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তারা হলো মীম (১৬) ও স্বপ্না (১৪)। রবিবার দিবাগত রাত ২টার দিকে বনানী ৩ নম্বর রোডের ৭৯ নম্বর ভবনে এ ঘটনা  ঘটে।

পুলিশ জানায়, ঐ ভবনের চতুর্থ ও পঞ্চম তলার মালিক ব্যবসায়ী সেলিম মিয়া। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে তার ফিশারিজ ও মেডিক্যাল সেন্টারের ব্যবসা রয়েছে। ঐ দুই গৃহকর্মীর গ্রামের বাড়িও ব্রাহ্মণবাড়িয়ায়। বনানীর বাসায় সেলিম মিয়া, তার স্ত্রী নূরে-তাজ বেগম, ছেলে রিয়াদ রায়হান, নূরে তাজ বেগমের ভাগনি রিনতা এবং দুই কাজের মেয়ে মীম ও স্বপ্না থাকতেন। রিয়াদ বিদেশে পড়ালেখা করেন। ছুটিতে দেশে এসেছেন। আগুনের ধোঁয়ায় তিনিও অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, চারটি ইউনিট আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চারতলার একটি ফ্ল্যাটের বাথরুম থেকে ঐ দুই গৃহকর্মীকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহাখালীতে মেট্রোপলিটন হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ধারণা করা হচ্ছে চতুর্থ তলার ফ্রিজের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, পুলিশ তিন জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সক পরীক্ষানিরীক্ষা করে মীম ও স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। গৃহকর্তা সেলিম মিয়া জানান, তারা ঘুমিয়ে ছিলেন। তার ছেলে রিয়াদ সজাগ ছিল। সে ধোঁয়ার গন্ধ পেয়ে সবাইকে জাগিয়ে তোলে। তারা যে যার মতো বাসা থেকে দ্রুত বেরিয়ে যান। গৃহকর্মী মীম ও স্বপ্নার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গ সূত্র জানায়, দুই গৃহকর্মীর মরদেহের ময়নাতদন্ত দুপুরে সম্পন্ন হয়েছে।