রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতদের মধ্যে ৪ জন করোনা পজেটিভ ছিলেন। বাকি ৫ জনের করোনার উপসর্গ ছিল। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৩ জন ও পাবনার একজন। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মধ্যে ৩ জনের বয়স ৬১ বছরের উর্ধ্বে, ৫১ বছরের উর্ধ্বে ৩ জন এবং ৪১ বছরের উর্ধ্বে ৩ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগি ভর্তি হয়েছেন ২৪ জন। একই সময় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২২১ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ২০ জন।

তিনি আরও জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ২২১ রোগির মধ্যে ১০৮ জনের করোনা পজেটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনা নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০ জন।
শামীম ইয়াজদানী জানান, সোমবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক শূন্য ৩ শতাংশ কমে সংক্রমণের হার ১৫ দশমিক ১৩ শতাংশ। যা আগের দিন রোববার ছিল ১৮ দশমিক ১৬ শতাংশ। এর আগে শনিবার রাজশাহীতে করোনা সংক্রমণের হার ছিল ১৯ দশমিক ১৯ শতাংশ, শুক্রবার ২৯ দশমিক শূন্য ২ শাতংশ, বৃহস্পতিবার ২৫ দশমিক ৩৬ শতাংশ, বুধবার ১৫ দশমিক শূন্য ৩ শতাংশ, মঙ্গলবার ১৬ দশমিক ৪৫ শতাংশ।
ইত্তেফাক/কেকে
