রংপুর বিভাগে করোনায় ৬ জনের মৃত্যু ১৩৯ জন আক্রান্ত

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৭:৫৩

রংপুর বিভাগে গেল কয়েক দিনের তুলনায় মৃত্যু ও শনাক্ত কমে এসেছে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের ৮ জেলায় শনাক্ত ৫২ হাজার ১১০ জনে দাঁড়িয়েছে। 

গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন মৃতদের মধ্যে নীলফামারী তিন জন সহ পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলার একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে ১ হাজার ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জনে শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ঠাকুরগাঁওয়ের ২৫ জন, রংপুরের ২৪, দিনাজপুরের ২০, পঞ্চগড়ের ১৯, নীলফামারীর ১৭, কুড়িগ্রামের ১৫, গাইবান্ধার ১২ ও লালমনিরহাট জেলার সাতজন রয়েছেন। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। সর্বশেষ ছয় জনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৬৫ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর।

এ জেলায় সর্বোচ্চ ৩১৬ জন মারা গেছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬০ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৩২‌, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৪, কুড়িগ্রামে ৬৫ ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন। গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৪৯ হাজার ৪১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৩১৮ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।  

ইত্তেফাক/এমএএম