মাধব রায়, কথাসাহিত্যিক
সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)
ব্লু বার্ড হাইস্কুল এন্ড কলেজ, সিলেট
আজকে নীলকান্তবাবু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলেন। কমলা তো হঠাত্ করে ভয় পেয়ে গেলেন, কী ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি?
অফিস থেকে ছুটি নিয়ে চলে এলাম। বললেন নীলকান্তবাবু।
শরীর খারাপ?
না, না, শরীর খারাপ না, আজকে সূর্যগ্রহণ না? সবাইকে নিয়ে দেখব, আর অফিসে কাজের চাপও তেমন নেই। করোনার কারণে লোকজন আসছে কম, ছুটি নিয়ে চলে এলাম।
ও, আজকে তো আবার বলয়গ্রাস সূর্যগ্রহণ। কিন্তু তুমি আগে ওয়াশরুম থেকে কাপড়চোপড় ধুয়ে ফ্রেশ হয়ে এসো। আমি চা দিচ্ছি, চা খেয়ে সবাইকে নিয়ে সূর্যগ্রহণ দেখবে, আমিও দেখব।
ফ্রেশ হয়ে আসার পর নীলকান্তবাবু সবাইকে নিয়ে মাঠে চলে এলেন। চা পরে খাব।
কিন্তু চোখের ক্ষতি হবে না? বললেন কমলা।
না, না, চোখের ক্ষতি হবে না। এই দেখো, নীলকান্তবাবু ব্যাগ থেকে একটা সোলার ফিল্টার গ্লাস বের করে দেখালেন। ‘বিজ্ঞান আন্দোলন মঞ্চ’ সবাইকে নিয়ে সূর্যগ্রহণ দেখাবার ব্যবস্থা করেছে। এই ফিল্টার গ্লাসটা কিনে আনলাম সেখান থেকে। খালি চোখে দেখলে অবশ্যই চোখের ক্ষতি হবে। এই তোরা কেউ খালি চোখে সূর্যের দিকে তাকাবি না কিন্তু।
বিন্দু বলল, আমি দেখব, আমাকে আগে দাও।
নীলকান্তবাবু বললেন, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দেখতে হয়।
প্রথমে তিনি চোখের সামনে ফিল্টার গ্লাসটা রাখলেন। একটা শক্ত কাগজের মাঝখানে চতুর্ভূজাকৃতি করে কাটা, সেই কাটার মধ্যে 12 মিলিমিটার থিকনেসের গ্লাসটা বসিয়ে চারদিকে স্কচ টেইপ দিয়ে আটকানো। কাগজটা ধরেই গ্লাসটা চোখের সামনে মেলে ধরা যায়।
তিনি তা-ই করলেন, এরপর মাথার উপর দিকে তাকিয়ে বললেন, এইভাবে দেখতে হয়। কিন্তু 10 সেকেন্ডের বেশি এক নাগাড়ে তাকানো যাবে না।
বিন্দু বাবার হাত থেকে গ্লাসটা নিয়ে চোখের সামনে ধরে উপর দিকে তাকিয়ে বলল, ওয়াও, কী সুন্দর সূর্যগ্রহণ!
অণু বলল, এবার আমাকে দে।
না, আমি আরও দেখে নিই।
কিছুক্ষণ দেখে নিয়ে অণুর হাতে দিলো। এরপর একে একে চন্দ্রা, সীমা, রেখা, আকাশ সবাই দেখল। সবশেষে কমলা।
নীলকান্তবাবু বললেন, আজকে বলয়গ্রাস সূর্যগ্রহণ। মানে হচ্ছে সূর্য চাঁদের আড়ালে পুরোপুরি ঢাকা পড়বে না। চাঁদের ছায়ায় যখন সূর্যটা ঢেকে যাবে, তখনও চারপাশে একটা উজ্জ্বল বৃত্ত দেখা যাবে। তবে বাংলাদেশ থেকে পূর্ণ বলয়গ্রাস দেখা যাবে না। কেন, বাংলাদেশ থেকে দেখা যাবে না কেন? কমলা বললেন।
পৃথিবীর সব জায়গা থেকে একই রকম দেখা যায় না।
কেন দেখা যায় না?
সেটা বুঝতে হলে সূর্যগ্রহণ কীভাবে হয়, তা বুঝতে হবে।
সীমা বলল-সেটা তো চন্দ্রগ্রহণের মতোই, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ এসে পড়লে চাঁদের আড়ালে সূর্য কিছুক্ষণের জন্য ঢাকা পড়ে যায়, তখনই সূর্যগ্রহণ হয়।
অণু বলল, আজ কতক্ষণ সূর্যগ্রহণ হবে?
পরের অংশ শনিবার
