চান্দেরবাগ সেতু
উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টির কারণে সেতুটির সংযোগ সড়কের একটি অংশ ভেঙে পড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে দেবে
মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
নাঙ্গলকোটে এলজিইডির অর্থায়নে নির্মিত চাঁন্দেরবাগ সেতুর দুই পাশের সংযোগ সড়ক বৃষ্টির কারণে উদ্বোধনের আগেই ধসে পড়ছে। জরুরি ভিত্তিতে এটি সংস্কার করা না হলে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রায়কোট উত্তর ইউনিয়নের চান্দেরবাগসহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের যাতায়াতের জন্য ডাকাতিয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৫ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে। গত বছর সেতুটির নির্মাণকাজ শেষ হয়। যা এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিপাতে সেতুর সংযোগ সড়কের দুই পাশে ফাটল ধরে ধসে পড়ছে। ভেঙে পড়ছে সেতুর সংযোগ সড়কের পাশে বসানো ব্লক।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং দায়িত্বরত কর্মকর্তার মনিটরিং ব্যবস্থা দুর্বলের কারণে নির্মাণের কিছু দিনের মধ্যে ভেঙে পড়ছে। কয়েক স্থানে দেখা দিয়েছে ফাটল। চান্দেরবাগ গ্রামের সাহাব উদ্দিন বলেন, নৌকা ছিল আমাদের যাতায়াতের একমাত্র অবলম্বন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মাণ করার ব্যবস্থা করা হয়। এতে এলাকাবাসীর যাতায়াতে দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হওয়ায় সবার মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। কিন্তু সেতুটির নির্মাণকাজ শেষ হতে না হতে বিভিন্ন স্থানে ফাটল ধরে ধসে পড়ায় জনসাধারণের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।
রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য নজির আহমেদ বলেন, কাজের গুণমান ভালো না হওয়ায় সামান্য বৃষ্টির পানিতে সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। জরুরি ভিত্তিতে সড়ক মেরামত করা না হলে পুরো সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যাতায়াত ব্যাহত হতে পারে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃষ্টির কারণে সেতুটির সংযোগ সড়কের একটি অংশ ভেঙে পড়ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত অংশটি মেরামত করে দেবে।
