ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ডোমার উপজেলায় ট্রেন ও ইটবোঝাই ট্রাকের সংঘর্ষে হেলপার সাকিল (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার চিলাহাটি রেল স্টেশনের অদূরে কাজিরহাট অরক্ষিত লেবেল ক্রসিংয়ে। এ ঘটনায় আহত হয় আরো দুই জন। দুর্ঘটনার ফলে চিলাহাটি, ডোমার ও নীলফামারীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ৯ ঘণ্টা বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ট্রাকটি লেবেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। চিলাহাটি রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। বিকাল ৪টার পর প্রায় ৯ ঘণ্টা পর এই রুটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়।
