সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২০:৪৮

অসচ্ছল শিল্পীরা পেলেন আর্থিক অনুদান

তানোর (রাজশাহী) সংবাদদাতা করোনা মহামারিতে তানোরে মঙ্গলবার কর্মহীন অসচ্ছল শিল্পীরা পেলেন আর্থিক অনুদান। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ। সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে ১০ জন কর্মহীন ও অসচ্ছল শিল্পীর মধ্যে এ অনুদান দেওয়া হয়।

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটি এবং উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

ভাইরাস প্রতিরোধ কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় করোনা ভাইরাস প্রতিরোধ ও পরিবেশ উন্নয়নে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের বার্ষিক কার্যক্রম নিয়ে মঙ্গলবার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে এর আয়োজন করা হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ অসহায় পরিবারের মধ্যে মঙ্গলবার দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এসব বিতরণ করেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

বদলগাছীতে বৃক্ষরোপণ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা বদলগাছীতে মঙ্গলবার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেছেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। এদিন তিনি মিঠাপুর, পাহাড়পুর ও মথুরাপুর ইউনিয়ন পরিষদ এবং মিঠাপুর ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় পরিষদের সামনে ও মিঠাপুর ভূমি অফিসের সামনে বৃক্ষ রোপণ করেন তিনি।

জাতীয় মত্স্য সপ্তাহ উদ্যাপনে প্রস্তুতিসভা

খুলনা অফিস খুলনায় মঙ্গলবার মত্স্য সপ্তাহ উদ্যাপন কমিটির প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী। সভায় জেলা মত্স্য কর্মকর্তা জয়দেব পাল মত্স্য সপ্তাহ উদ্যাপন বিষয়ক তথ্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন।

খাদ্যসহায়তা পেলেন ১০ দুস্থ পরিবার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় জরুরি সেবায় ফোন করে মঙ্গলবার খাদ্যসহায়তা পেয়েছে ১০টি দুস্থ পরিবার। জরুরিসেবা ৩৩৩ নম্বরে ফোন পেয়ে উপজেলা পরিষদ চত্বরে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম প্রমুখ।

ইপিজেডে শ্রমিক-কর্মচারীদের টিকাদান

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদী ইপিজেডে করোনার টিকাদান কার্যক্রম মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। ইপিজেডের মেডিক্যাল সেন্টারে টিকাদান কাযক্রম উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহবুব।