অনেক মানুষ প্রতিদিন যাতায়াত করে এই রাস্তায়। আধুনিক একটি পৌরসভায় এমন একটি যাতায়াত-পথ থাকতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন! দখল ও দূষণে ভুগতে থাকা লবলং খাল নিয়ে আমরা যখন সবাই সোচ্চার, ঠিক তখনই এই খালের বিষাক্ত পানি স্পর্শ করেই যাতায়াত করতে হচ্ছে।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বংশীঘাট এলাকায় বংশীঘাটা বেড়াইদের চালা-বহেড়ার চালা সলিং সড়কের এই স্থানটি পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের যোগাযোগ মাধ্যম। শিল্প এলাকা হওয়ায় প্রতিদিন এই রাস্তায় মানুষের যাতায়াত বাড়ছে। কোনো রকম বাঁশের একটি সাঁকোর ওপর দিয়েই চলতে হয়। বর্ষাকালে কখনো কখনো এ সাঁকোটিও পানিতে তলিয়ে যায়। সবচেয়ে ভয়ানক হলো এই খালের পানি অত্যন্ত দূষিত এবং দুর্গন্ধযুক্ত। হাত-পায়ে পানি লাগে পারাপারের সময়। পানিদূষণের কারণেই অনেকেই চামড়ার ইনফেকশনের কথা জানিয়েছেন। এ অবস্থায়, জনদুর্ভোগ ঘোচাতে এখানে একটি সেতু নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
সাঈদ চৌধুরী, শ্রীপুর, গাজীপুর
