আকস্মিকভাবে বাড়ছে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি। গত কয়েক সপ্তাহজুড়ে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিরাজগঞ্জের শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি প্রায় ৮ সেন্টিমিটার বেড়েছে। প্রায় এক মাস আগে হঠাত্ করেই সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে শহর রক্ষা বাঁধের ধস শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের প্রত্যক্ষ সহযোগিতা এবং কর্তৃপক্ষের তত্পরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও কিছুক্ষণের মধ্যেই বিলীন হয়ে যায় প্রায় ১০০ মিটার এলাকা। ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এ বাঁধ গেল দুই দশকে মোট ৭বার ভেঙেছে। ভাঙন সংস্কারের কাজে আরো ২০০ কোটি টাকা ব্যয় হলেও অভিযোগ রয়েছে সঠিক তদারকি সম্পর্কে। শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে সম্পূর্ণ সদর এলাকাসহ আশপাশের এলাকায়। এমনকি শহরের সর্বত্র পানিতে ডুবে যাওয়ার আশঙ্কাও রয়েছে। ভারী বর্ষণ আর উজানের পানির প্রভাবে এর মধ্যে সিরাজগঞ্জের নিম্নাঞ্চল এবং চরাঞ্চল এলাকাগুলোতে বসতবাড়ি ও জমি প্লাবিত হয়েছে। ভারী বর্ষণে যমুনার পানি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় ফের ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে শহর রক্ষা বাঁধের। তাই বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শহর রক্ষা বাঁধের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ এবং দ্রুত সংস্কার বাস্তবায়ন করা। বাঁধ সংস্কারে গুরুত্বারোপ করার পাশাপাশি কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি যেন না ঘটে সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি রাখা অতীব জরুরি।
মো. খশরু
শিক্ষার্থী, ঢাকা কলেজ
