বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলায় অভিযান চালিয়ে বাচারদেওপাড়া থেকে মজুত রাখা ১২টি মর্টারের গোলা উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ মনসুর পারভেজের নেতৃত্বে পারিচালিত অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান সেনা কর্মকর্তারা। পরে পাহাড়ের ঢালে মাটির নিচে লুকিয়ে রাখা অবস্থান থেকে মর্টারের ১২টি গোলা উদ্ধার করা হয়।
সোমবার রাতে রুমা সেনা জোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে সাঙ্গু নদের তীরবর্তী বাছারদেওপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির সময় পাহাড়ের ঢালে মাটির নিচে লুকিয়ে রাখা ১২টি মর্টারের গোলা পাওয়া যায়।
