হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ ঘাটে নৌকায় উঠতে গিয়ে পাড় ভেঙে মায়ের কোল থেকে পড়ে লামিয়া আকতার (৩ মাস) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় পাড় ভেঙে আরো ১০/১২ জন লোক নদীতে পড়ে গেলে নৌপুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সুখচর ইউনিয়নের রামচরণ ঘাট থেকে ঢালচরগামী যাত্রীবাহী নৌকায় উঠতে গিয়ে পাড় ভেঙে মায়ের কোল থেকে পড়ে যায় লামিয়া। সে একই ইউনিয়নের মসজিদ মার্কেট এলাকার আজমির হোসেনের মেয়ে। বিকাল ৫টা নাগাদ শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন নলচিরা নৌপুলিশের ইনচার্জ মো. পিয়ার আলী।
