বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ধরা পড়া ১০ মণ ওজনের বিশাল আকৃতির ‘শাপলাপাতা’ মাছটি মঙ্গলবার সকালে বিক্রি হয়েছে। ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার একটি ফিশিং ট্রলার থেকে ফেলা জালে সোমবার সকালে ধরা পড়ে বিশাল আকৃতির এই শাপলাপাতা মাছ।
মাছ ব্যবসায়ী হাফিজ সরদার ও জাকির সরদার জানান, আমরা গত ৩০ বছরেও এত বিশাল আকৃতির শাপলাপাতা মাছ দেখিনি। তাই বাগেরহাট কেবি ফিশারি ঘাটের মত্স্য বাজারের আড়তদার অনুপ সাহার আড়ত থেকে মাছটি ৫২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনেছি। ক্রেন দিয়ে ইঞ্চিনচালিত নছিমনে তুলে বাগেরহাট শহরতলির খানজাহান আলী মাজার হাটে আনা হয়। পরে কেটে ৩৫০ টাকা কেজি দরে মাছটি মাত্র দুই ঘণ্টার মধ্যেই বিক্রি করেছি।
