এএফসি কাপ গ্রুপ পর্ব
স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপ ফুটবলে ইতিহাসের দুয়ার হতে ফেরত এসেছে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল বিকালে মালদ্বীপের মালে শহরে এএফসি কাপের ডি গ্রুপের শেষ খেলায় মোহনবাগান ১-১ গোলে বসুন্ধরার সঙ্গে ড্র করে পরবর্তী রাউন্ডে উঠেছে। ভারতের এই ক্লাব ডি গ্রুপ চ্যাম্পিয়ন মোহনবাগান এখন ইন্টার জোনাল সেমিফাইনালে খেলবে। এটি নকআউটের ম্যাচ। যদি জিততে পারে আকেরটি ম্যাচ পাবে, সেটিও নকআউটের লড়াই।
মোহানবাগানের বিপক্ষে বসুন্ধরার জন্য কঠিন লড়াই ছিল। দুই খেলায় ৪ পয়েন্ট পাওয়া বসুন্ধরাকে নকাউটের ম্যাচ খেলতে হলে মোহনবাগানকে হারানোর কোনো বিকল্প ছিল না। আর প্রতিপক্ষ মোহনবাগান ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে এগিয়েছিল। তাদের দরকার ছিল ড্র করা। সেটাই তারা করেছে। বসুন্ধরার সঙ্গে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে উতরে গেছে।
অথচ বসুন্ধরা কিংস গোল করে এগিয়ে গিয়েছিল। ২৮ মিনিটে গোল করে এগিয়ে যায়। ব্রাজিলিয়ান ফুটবলার জনাথন দৃষ্টিনন্দন গোল করেন। তিনচার ফুটবলারের ফাঁক গলে গোলকিপার আমরিন্দ্রর সিংকে বোকা বানিয়ে গোল করেন জনাথন। এমন সুন্দর একটি গোল পেলে সেটি রাখতে পারেনি। ভাগ্যটা খারাপ ছিল, প্রথমার্ধ শেষ হওয়ার মুহূর্তে সুশান্ত ত্রিপুরা লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে ১০ জনের বসুন্ধরাকে কোণঠাসা করে ফেলে মোহনবাগান। তারাও ভেবে নেয় এমন সুযোগ আর পাওয়া যাবে না। সামান্য একটা ভুলের সুযোগে ওমানের রেফারি কাশিম মাত্রা আল হামিতি সুশান্তকে মাঠ থেকে বাইরে পাঠিয়ে দেন। বসুন্ধরার ১০ জনই মাঝ মাঠের এপারে চলে আসে। সুযোগ বুঝে মোহনবাগানের মানভির সিং, দিপক, আশুতোশ মেহতা, প্রীতম, রয় কৃষ্ণ, অস্ট্রেলিয়ান ফুটবলার ডেভিড উইলিয়ামসরা ঝাঁপিয়ে পড়েন। বসুন্ধরা চাপ নিয়েছে। আক্রমণে না গিয়ে চাপ নিতে গিয়ে ভেঙে পড়ে। ৬১ মিনিটেই গোল শোধ করে ফেলে। বসুন্ধরার বক্সে মোহনবাগানের অধিনায়ক রয় কৃষ্ণা বল ঠেলে দেন, ডেভিড উইলিয়ামসকে। ডেভিড দেখলেন তাদের বিছানো জালে বসুন্ধরা রক্ষণ ছিন্ন-ভিন্ন, গোলকিপার জিকো পোস্টের একপ্রান্তে আর অন্য প্রান্ত ফাঁকা। সেখানেই বলটা ঠেলে দিলেন বসুন্ধরার জালে।
বসুন্ধরা গোল হজম করে জেগে উঠল। আক্রমণে গেল। গোলের সুযোগও পেল। হয়তো ভাগ্য ভালো ছিল না। গোল হয়েও যেতে পারত। আফসোস হচ্ছে গোল করে এগিয়ে থেকেও রক্ষণভাগে চলে আসাটা ঠিক করেনি। রক্ষণে খেলার খেসারত দিতে হলে এএফসি কাপ হতে বিদায় নিয়ে, আগামী এএফসি কাপেও বসুন্ধরা খেলবে। কারণ এবারের লিগেও বসুন্ধরা চ্যাম্পিয়ন হয়েছে।
