এবার স্বর্ণের ব্যবসায় সাকিব

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৩৯

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটার সাকিব আল হাসান ক্রমেই নিজের ব্যবসায়ী সত্তাকে আরো পোক্ত করছেন। বাংলাদেশে রেস্টুরেন্ট, শেয়ারবাজার, বিদ্যুেকন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়ার ব্যবসায় নাম লিখিয়েছেন আগেই। এবার স্বর্ণের ব্যবসায় জড়ালেন সাকিব।

সম্প্রতি বিজ্ঞাপন দিয়ে নিজের প্রতিষ্ঠান থেকে স্বর্ণ কিনতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারকা এ ক্রিকেটার। তার প্রতিষ্ঠানের নাম বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ।

বিজ্ঞাপনে তিনি বলেন, প্রিয় দেশবাসী, সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালংকার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি। আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যাবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর  যে কোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিক ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ কিনতে পারেন।’

ইতিমধ্যে সাকিবের প্রতিষ্ঠান ঢাকা, রংপুর ও কুমিল্লায় কার্যালয় খুলে ব্যাবসায়িক কার্যক্রম শুরু করেছে। সোনার বার ও সোনার অলংকার আমদানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র থেকে গতকাল রাতেই ঢাকায় পৌঁছে যাওয়ার কথা বাঁহাতি এ অলরাউন্ডারের। তিন দিন কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামবেন তিনি।