ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

অনেকের মতেই, ইতিহাসের অন্যতম দুর্বল ব্যাটিং লাইনআপ নিয়ে ভারতের বিপক্ষে খেলছে ইংল্যান্ড। লর্ডসে ১৫১ রানের পর তো ওপেনিং জুটিকে কমেডি জুটি হিসেবে অ্যাখায়িত করেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ডেভিড লয়েড। এক জো রুট ছাড়া ফরমে নেই আর কেউ। তবে রুটের বিশ্বাস আজ থেকে হেডিংলিতে শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে তার দল।

পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে থাকা ইংলিশ অধিনায়ক গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের হাতে বড় তিনটি ম্যাচ আছে। এখনো অনেক কিছুই বাকি এবং আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া। টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই বড় জুটিকে ঘিরে। যখন দুই ব্যাটসম্যান লম্বা সময়ের জন্য মাঠে থাকবে, তখন খেলা দেখতে পুরো অন্যরকম লাগবে। ব্যাটিং গ্রুপ হিসেবে এটাই আমার মূল লক্ষ্য।’  ব্যাটিংয়ের একদম বিপরীত মেরুতে দাঁড়িয়ে ইংল্যান্ডের বোলিং অ্যাটাক। কিন্তু ইনজুরির থাবায় শক্তি হারাচ্ছে তা। স্টুয়ার্ট ব্রডের পর কাঁধের ইনজুরিতে হেডিংলি টেস্টে নেই পেসার মার্ক উড। তার পরিবর্তে আজ অভিষেক হতে পারে সাকিব মেহমুদের। তাছাড়া তিন বছর পর ইংল্যান্ডের টেস্ট একাদশে ফিরছেন বাহাতি ব্যাটসম্যান দাভিদ মালান।