পিছিয়ে গেল ‘এ’ দল-এইচপির সিরিজ

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৪২

রাহী করোনা আক্রান্ত

স্পোর্টস রিপোর্টার

এখন চট্টগ্রামে অবস্থান করছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে এইচপির ক্যাম্প। আগামী ২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে চট্টগ্রামে সিরিজ খেলার কথা এইচপি দলের। কিন্তু সিরিজটি ছয় দিন পিছিয়ে গেছে। দুই দলের সিরিজ শুরু হবে ৮ সেপ্টেম্বর।

‘এ’ দলের হয়ে খেলার প্রস্তুতিতে ব্যস্ত থাকা আবু জায়েদ রাহীর করোনা ধরা পড়েছে। দুই বারই পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি। প্রথম বার পজিটিভ হলেও দ্বিতীয়বার নেগেটিভ রিপোর্ট পেয়েছেন নাঈম হাসান ও নাজমুল হোসেন শান্ত।

গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন, চট্টগ্রামে এখন একসঙ্গে দুই দলের অনুশীলনের ব্যবস্থা নেই। বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, ‘আসলে চট্টগ্রামে দুই দলের একসঙ্গে অনুশীলন কঠিন এখন। তাই এইচপির প্রস্তুতি চলছে, ওরা প্রস্তুতি নিক। এদিকে আমাদের ‘এ’ দলের ক্রিকেটাররা ঢাকায় নিজেদের মতো অনুশীলন করছে। সিরিজটা ৮ সেপ্টেম্বর শুরু হবে। ‘এ’ দলের ক্রিকেটাররা কয়েক দিন আগে গিয়ে অনুশীলন করে সিরিজ খেলবে।’