নারীর ওপর সহিংসতা রোধে আন্দোলন গড়ে তোলার প্রত্যয়

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৪৪

ইয়াসমিন হত্যার ২৬ বছর

ইত্তেফাক রিপোর্ট

নারীর ওপর সকল প্রকার নিপীড়ন-সহিংসতা প্রতিরোধে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বত্র সম্মিলিত আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন। গতকাল ২৪ আগস্ট ছিল গৃহশ্রমিক ইয়াসমিন হত্যার ২৬ বছর। এই উপলক্ষ্যে ইয়াসমিনকে স্মরণ করে এ প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময়ে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহতায় উদ্বেগ প্রকাশ করে এক লিখিত বিবৃতিতে কর্মজীবী নারীর সভাপতি ড. প্রতিমা পাল মজুমদার, সাধারণ সম্পাদক শারমিন কবীর, সহসভাপতি উম্মে হাসান ঝলমলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারীর প্রতি নিপীড়ন-সহিংসতা প্রতিরোধে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। নেতৃবৃন্দ, পরীমনিসহ সব নারীর জন্য ন্যায়বিচার দাবি করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সেই সঙ্গে প্রশাসনকে নারী নির্যাতন বন্ধে এগিয়ে আসা এবং দায়িত্ব পালনে কঠোর হওয়ার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি একটি ওয়েবিনারের (অনলাইন আলোচনাসভার) আয়োজন করে। এতে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, সিলেট ও খুলনাসহ অন্যান্য জেলাস্থ সমিতির সদস্য আইনজীবীগণ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে চলমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর কারণে নারী ও শিশু নির্যাতনের মাত্রা ক্রমবর্ধমান হারে বেড়েই চলেছে। ধর্ষণ, সাইবার বুলিং, পর্নোগ্রাফির মতো জঘন্য অপরাধ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়দা পারভিন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ২৪ আগস্ট দিনাজপুর শহরের রামনগর মহল্লার কিশোরী ইয়াসমিনকে কয়েক জন পুলিশ সদস্য ধর্ষণ করে লাশ ফেলে দেয়। পরে সর্বত্র প্রতিবাদ গড়ে তোলে বিক্ষুব্ধ জনতা।