নবাবগঞ্জে জেলা প্রশাসনের খাদ্যসহায়তা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৫০

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অসহায় কর্মহীন ও দুস্থদের মধ্যে ঢাকা জেলা প্রশাসনের অর্থায়নে খাদ্যসহায়তা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নবাবগঞ্জ পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। পরে জেলা প্রশাসক সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনা মহামারি সংক্রমণ মোকাবিলার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এরপর সকাল সাড়ে ১০টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলার সব ইমাম ও মুয়াজ্জিনের সঙ্গে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সভা করা হয়। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক।