খাদ্য সংরক্ষণাগারে বিনিয়োগের আগ্রহ রাশিয়ার

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৫১

খাদ্যমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাত্

ইত্তেফাক রিপোর্ট

ফল প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য সংরক্ষণাগারে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি। গতকাল মঙ্গলবার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহের কথা জানান। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা অর্জনে রাশিয়া ভূমিকা রাখতে চায়।

সাক্ষাত্কালে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত চমত্কার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

এ সময় খাদ্যসচিব ড. মোছাম্মাত্ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবর রহমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সের্গেই পাপভ উপস্থিত ছিলেন।