বিশেষ প্রতিনিধি
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোছা. পারভীন। এ সময় তার হেফাজত হতে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান জানান, মোহাম্মদপুর থানার রায়ের বাজারের একজন মাদক ব্যবসায়ীর বাসায় হেরোইন আছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উল্লেখিত বাসায় অভিযান চালিয়ে পারভীনকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তার হেফাজত হতে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়কে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত পারভীন একজন মাদক ব্যবসায়ী। সে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় হেরোইন বিক্রয় করত। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
