জাতীয় সংগীতের অবমাননা করে টিকটক ভিডিও, আটক ৫

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:৫২

বিশেষ প্রতিনিধি

জাতীয় সংগীত অবমাননা করে ভিডিও বানিয়েছিল তারা। সেই ভিডিও ছেড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। বগুড়া জেলার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ঐ ভিডিওটি ধারণ করা হয়। তাতে দেখা যায়, জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করছে কয়েক জন যুবক। জাতীয় সংগীত অবমাননার দায়ে সোমবার রাতে সংশ্লিষ্ট পাঁচ যুবককে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ। তারা হলেন—মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন, আরিফ আলী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রেসনোটে এ তথ্য জানানো হয়।

প্রেসনোটে জানানো হয়, টিকটকে ঘুরতে থাকা ভিডিওটি পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার নজরে আসে। পরে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাকে ঐ যুবকদের আটক করার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাঠে নেমে সংশ্লিষ্টদের শনাক্ত করে। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন জায়গা থেকে পাঁচ জনকে আটক করে।

প্রসঙ্গত, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীকের বিরুদ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা এবং এর প্রতি কোনো অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্তে আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম, ফ্ল্যাগ অ্যান্ড অ্যাব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এছাড়া কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে সুস্পষ্ট বিধান রয়েছে।