সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শরিফ হোসেন (২২) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। নিহত শরিফ হোসেন পৌরসভার পুকুরপাড়ার শহিদ মিয়ার ছেলে। বাড়ির লোকজন জানান, শরিফ গত শনিবার সকালে ভাড়ায় চালিত অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। পুলিশের মাধ্যমে খবর পেয়ে সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পাশে আজিমপুর এলাকাতে একটি নির্জন স্থান থেকে তারা শরিফের লাশ শনাক্ত করেন। এ সময় তার গলায় তারই লুঙ্গি প্যাঁচানো ছিল এবং দুর্গন্ধ বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে খুনিরা ঐদিনই অটোটি ছিনতাই করার উদ্দেশ্যেই গলায় লুঙ্গি পেঁচিয়ে তাকে হত্যা করে এখানে ফেলে রেখে অটোটি নিয়ে যায়।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র দ্বীপজয়ের (৯) মরদেহ গতকাল শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সে গত সোমবার শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের পিতলগঞ্জ ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে পিতলগঞ্জ মণিপাড়া গ্রামের দীলিপ চক্রবর্তীর ছেলে।
